বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক কখনও ওই দল করে না। শনিবার (১৮ জুলাই) সিরাজগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ির সামনে এসে মোটরসাইকেলের গতি বাড়িয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন। বর্তমানে কিছুটা ছাড় দেওয়ার সুযোগে দলের কিছু নেতাকর্মী আবারও বিভিন্ন স্থানে হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার অর্থ এই নয় যে সবাই বড় হয়ে গেছে। দেশকে যুদ্ধকালীন মানসিকতা নিয়ে এগিয়ে নিতে হলে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের ত্যাগের মূল্য এবার দিতে হবে, তবে অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যাবে না।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জ্বালানিমন্ত্রী বলেন, তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না; বরং সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনাই জিয়া পরিবারের রাজনৈতিক আদর্শ।