জামালপুরে মাছের ঘের থেকে লাগেজবন্দি যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে একটি মাছের ঘের থেকে লাগেজবন্দি এক অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার ঘের পরিদর্শনে গিয়ে একটি পরিত্যক্ত লাগেজ দেখতে পান। লাগেজটি থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় তার সন্দেহ হয়। বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে ভেতর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তাসনিম হোসেন