গাছের আইনি অধিকার স্বীকৃতি দিল কানাডার শহর, মেয়র বললেন 'গাছই মানুষের বড় বন্ধু'

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৮:২০ পিএম

ছবি: সংগৃহীত

গাছের প্রাণ আছে এবং মানুষের মতোই তাদের নিজস্ব আইনি অধিকারও রয়েছে—এমন অভিনব স্বীকৃতি দিয়েছে কানাডার একটি শহর। তেরাস-ভদ্রেয়ঁ নামের ওই পৌরসভার মেয়র গাছকে ‘সবচেয়ে বড় বন্ধু’ হিসেবে উল্লেখ করে এই ঐতিহাসিক ঘোষণা দেন, যেখানে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বংশবৃদ্ধির অধিকারকে আইনিভাবে সুরক্ষিত করা হয়েছে।

ঐতিহাসিক প্রস্তাব ও পৌরসভার সিদ্ধান্ত:

কানাডার মন্ট্রিল থেকে প্রায় ৪০ মাইল পশ্চিমে অবস্থিত তেরাস-ভদ্রেয়ঁ পৌরসভা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, উদ্ভিদেরও ‘জীবনধারণ, স্বাভাবিক বৃদ্ধি, অখণ্ডতা ও বংশবৃদ্ধির অধিকার’ রয়েছে। প্রায় ২ হাজার বাসিন্দার এই ছোট্ট শহরে গত ৯ জুন কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি পাস হয়। নতুন এই নিয়মের আলোকেই এখন থেকে শহরের সমস্ত উপবিধি ও গাছ কাটা বা সংরক্ষণের বিষয়গুলো তদারকি করা হবে।

অনুপ্রেরণা ও জলবায়ু লড়াই:

পৌরসভার মেয়র মিশেল বুর্দো জানান, বিগত কয়েক বছরে তাদের শহরটি তিনবার বন্যার মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের এই চরম সংকটে গাছই মানুষের পরম বন্ধু। এছাড়া কুইবেকের চলচ্চিত্র পরিচালক অঁদ্রে দেসরোশের-র ‘দেস আর্ব্রেস এ দেস আর্তস’ নামক একটি তথ্যচিত্র স্থানীয় বাসিন্দাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এই ছবি দেখার পর নাগরিকরা উপলব্ধি করেন যে, গাছ কেবল কাঠ বা সবুজ উপাদান নয়, বরং তারা শিকড়ের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করা এক জীবন্ত সত্তা।

আন্তর্জাতিক স্বীকৃতি ও অধিকারের পরিধি:

পরিবেশবাদী সংগঠনগুলোর আন্তর্জাতিক উদ্যোগ ‘ইউনিভার্সাল ডিক্ল্যারেশন অভ দ্য রাইটস অভ দ্য ট্রি’-তে বিশ্বের প্রথম পৌরসভা হিসেবে স্বাক্ষর করেছে তেরাস-ভদ্রেয়ঁ। ইন্টারন্যাশনাল অভজারভেটোরি অভ নেচার রাইটসের প্রেসিডেন্ট ইয়েনি ভেগা কার্দেনাস জানান, গাছের নিজস্ব ‘মর্যাদা ও বোধ’ রয়েছে। বিশ্বজুড়ে নদী ও প্রাকৃতিক সম্পদকে আইনি অধিকার দেওয়ার যে জোয়ার উঠেছে, গাছের অধিকারের এই ঘোষণা তারই অংশ। এর আগে ২০২১ সালে কুইবেকের ম্যাগপাই নদীকেও আইনিভাবে ‘ব্যক্তিসত্তা’র মর্যাদা দেওয়া হয়েছিল।

তাসনিম হোসেন