টেক্সাসের মাঠে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মাঠের জয় ছাপিয়ে ফুটবলবিশ্বে এখন আলোচনার তুঙ্গে অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করার পাশাপাশি এক ম্যাচেই ৪টি নতুন গিনেস বিশ্বরেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই এই ফুটবল জাদুকর।
আর্জেন্টাইন খ্যাতনামা সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' গিনেস কর্তৃপক্ষের অফিশিয়াল বিবৃতির বরাতে এই ঐতিহাসিক তথ্যটি বিশ্ববাসীর সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়, ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে থাকা মেসি অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া আঘাত হেনে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা নিয়ে গেছেন ১৮-তে। আর এর মাধ্যমেই তিনি ভেঙেছেন দুটি মহাকাব্যিক রেকর্ড। প্রথমে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে পুরুষ বিশ্বকাপের একক শীর্ষে বসেন। আর তার পরপরই ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বমঞ্চের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতার মুকুট মাথায় পরেন এলএমটেন।
শুধু গোলবন্যাই নয়, জয়ী অধিনায়ক হিসেবেও ক্লোসাকে ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ক্যারিয়ারের ১৮তম জয়, যেখানে ক্লোসার জয় ছিল ১৭টি।
তৃতীয় রেকর্ডটি এসেছে মাঠে নামার সাথেসাথেই। লোথার ম্যাথিউসের রেকর্ড আগেই ভাঙা মেসি অস্ট্রিয়া ম্যাচে মাঠে নামায় তার মোট বিশ্বকাপ ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ, যা ইতিহাসের সর্বোচ্চ।
আর চতুর্থ ও শেষ গিনেস রেকর্ডটি সময়ের। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ডকে অনেক পেছনে ফেলে বিশ্বকাপে এখন মোট ২,৪৮৯ মিনিট খেলার অতিমানবীয় কীর্তি এককভাবে নিজের দখলে নিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।