মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচিত হলো আর্জেন্টিনায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচের আগে আর্জেন্টিনা জাতীয় দলকে উৎসর্গ করে একটি বিশাল ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, ভাস্কর্যটি ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

ভাস্কর্যটি আর্জেন্টিনার জাতীয় মহাসড়ক ২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে স্থাপন করা হয়েছে। বসে থাকা অবস্থায় তৈরি করা এই কাঠামোর ভেতরের অংশ ইস্পাত দিয়ে এবং বাইরের অংশ তিন স্তরের কংক্রিট দিয়ে নির্মিত।

এতে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় মেসিকে দেখানো হয়েছে। ভাস্কর্যের সামনে বিশ্বকাপ ট্রফি রাখা হয়েছে এবং বুকে ফুটে উঠেছে তিনটি সোনালি তারা, যা আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপার প্রতীক।

ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর অ্যালদো বেরোইসা। স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের একটি দল নিয়ে তিনি প্রায় এক বছর ধরে কাজটি সম্পন্ন করেন। নির্মাতার ভাষ্যমতে, উদ্বোধনের আগ পর্যন্ত তারা রাতভর কাজ করে শেষ মুহূর্তের কাজ শেষ করেছেন।

শুরুতে ভাস্কর্যটি এত বড় আকারে নির্মাণের পরিকল্পনা ছিল না। স্থানীয় ক্রীড়া কর্তৃপক্ষ প্রথমে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ছোট আকারের একটি ভাস্কর্য তৈরির নির্দেশ দিয়েছিল। তবে পরবর্তীতে শিল্পীর প্রস্তাবে এটি ২৬ মিটার উচ্চতায় রূপ দেওয়া হয়।

এর আগে লিওনেল মেসির একটি বড় ভাস্কর্য কলকাতায় নির্মাণ করা হলেও প্রবল বাতাসের কারণে সেটি সরিয়ে ফেলা হয়েছিল। এবার আর্জেন্টিনায় তৈরি এই বিশাল ভাস্কর্যটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তাসনিম হোসেন