বিশ্বকাপে নিজেদের চমকপ্রদ যাত্রা অব্যাহত রেখেছে কেপ ভার্দে। স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর এবার উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে সমতা করেছে দলটি। টানা দুই ম্যাচে ড্র করে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আফ্রিকার প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় কেপ ভার্দে। এর ফলও পায় ২১তম মিনিটে। দ্রুতগতির আক্রমণে প্রতিপক্ষের ফাউল আদায় করেন তেলমো আরকানজো। সেই সুযোগ থেকে প্রায় ৩১ মিটার দূরত্বের ফ্রি-কিক নিয়ে দুর্দান্ত শটে বল জালে পাঠান কেভিন পিনা। বিশ্বকাপের মূল আসরে এটি ছিল কেপ ভার্দের ইতিহাসের প্রথম গোল।
তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফেরে উরুগুয়ে। প্রথমার্ধের শেষ দিকে রিবাউন্ড থেকে হেডে গোল করে সমতা ফেরান ম্যাক্সি আরাউহো। এরপর আরাউহোর তৈরি করা আরেকটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আগুস্তিন কানোব্বিও। ফলে বিরতিতে যাওয়ার আগে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন হেলিও ভারেলা। মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান তিনি। উরুগুয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান এই ফরোয়ার্ড।
বাকি সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।
এই ফলাফলে উরুগুয়ে ও কেপ ভার্দের সংগ্রহ দাঁড়িয়েছে ২ পয়েন্ট করে। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। শেষ রাউন্ডের ম্যাচের আগে গ্রুপের সমীকরণ আরও জমে উঠেছে, যেখানে নকআউট পর্বে জায়গা পাওয়ার লড়াইয়ে এখনো টিকে আছে সব দলই।