যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিংরুমে ইরানের বিশেষ চিঠি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৪:০২ পিএম

বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে ইরান। ম্যাচ শেষে আয়োজকদের উদ্দেশে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে দলটি কৃতজ্ঞতা ও বন্ধুত্বের বার্তা দিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচ শেষে ইরান ফুটবল দল একটি চিঠি ড্রেসিংরুমে রেখে যায়। ইরান ফুটবল ফেডারেশন প্রকাশিত ওই বার্তায় দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় চেতনার কথা তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়, প্রাচীন পারস্য থেকে আধুনিক ইরান পর্যন্ত তাদের পরিচয় ও চেতনা আজও অটুট রয়েছে। একই সঙ্গে আয়োজকদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়, তারা গর্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সম্মানের সঙ্গে মাঠ ছাড়ছে।

বার্তায় ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।

গ্রুপ জি’তে নিজেদের প্রথম দুই ম্যাচ লস অ্যাঞ্জেলেসে খেলেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অবস্থানসংক্রান্ত বিধিনিষেধের কারণে দলটি মেক্সিকোর তিজুয়ানাকে বেসক্যাম্প হিসেবে ব্যবহার করছে। প্রতিটি ম্যাচের জন্য তাদের নিয়মিত যাতায়াত করতে হচ্ছে।

এছাড়া ইরানি প্রতিনিধি দলের কয়েকজন সদস্যের ওপর থাকা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ ব্যবস্থা সহজ করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইরান। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে তারা। সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে ইরানের নকআউট পর্বে যাওয়ার ভাগ্য।

তাসনিম হোসেন