চীনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (বিশ্ব অর্থনৈতিক ফোরাম) সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর বিশেষ জোর দেন। এই লক্ষ্য বাস্তবায়নে দুই দেশের রাজধানী যথাক্রমে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন (দূতাবাস) স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত পোষণ করেন। এর পাশাপাশি রাজনৈতিক মেলবন্ধন, বাণিজ্যিক প্রসার এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে নিয়মিত যৌথ বৈঠক আয়োজনের ওপর তারা তাগিদ দেন।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের পরিধি সম্প্রসারণের উজ্জ্বল সম্ভাবনাকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।
বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি বা শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ, তথ্যপ্রযুক্তি, আধুনিক কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে যৌথ বাণিজ্য সম্ভাবনার বিষয়টি প্রাধান্য পায়।
এছাড়া, বৈশ্বিক পানি কূটনীতি জোরদারে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা গড়ে তোলার বিষয়ে কাজাখস্তানের পক্ষ থেকে একটি প্রস্তাবনা তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। এই আন্তর্জাতিক প্রস্তাবে তিনি বাংলাদেশের নীতিগত সমর্থন প্রত্যাশা করলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বলে আশ্বাস দেন।
দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।