চলমান ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্সের মাঝেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন এবং দলের জয়ে অবদান রাখতে পারবেন, ততদিন খেলা চালিয়ে যাবেন।
২০২২ সালে কাতারের মাটিতে অধরা বিশ্বকাপের ট্রফি জয়ের পর অনেকেই ভেবেছিলেন লিওনেল মেসি হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। এমনকি ২০২৬ সালের মেগা ইভেন্টে তার অংশগ্রহণ নিয়েও দীর্ঘদিন ধোঁয়াশা ছিল। বিশ্বকাপের মাস ছয়েক আগেও মেসি জানিয়েছিলেন, তিনি হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ম্যাচ ধরে ধরে এগোতে চান। ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষ করার পর নিজের শারীরিক অবস্থা ও ফিটনেস বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন।
তবে ফুটবলপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে ঠিকই আলো ছড়াচ্ছেন এই খুদে জাদুকর। ইতোমধ্যে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই নিজের চেনা ছন্দ দেখিয়েছেন তিনি। আসরে ৫টি গোল করার পাশাপাশি ভেঙেছেন একাধিক রেকর্ড, যা তাকে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।
চলমান টুর্নামেন্টের মাঝেই এক সাক্ষাৎকারে নিজের অবসর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি স্পষ্ট করে বলেন, "যতদিন আমি দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো থাকব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যাব।"
তবে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে এখনই চূড়ান্ত কোনো কথা দিতে রাজি হননি এই কিংবদন্তি। মেসি বলেন, "আমি সেটা জানি না। এখনই এটা নিয়ে ভাবছি না, কারণ এখনও অনেক সময় বাকি। আমি প্রতিটি দিন ধরে এগোতে পছন্দ করি এবং বর্তমানেই আমার পুরো মনোযোগ ধরে রাখতে চাই।"