করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত পর্যায়ে এটি আরও বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হতে পারে। একই সঙ্গে খুচরা পর্যায়ে একক ভ্যাট হার আরোপের পরিকল্পনা থেকে আপাতত সরে আসছে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কম আয়ের করদাতাদের স্বস্তি দিতে এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে প্রস্তাবিত ৩ লাখ ৭৫ হাজার টাকার পরিবর্তে এটি ৪ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০২৮-২৯ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা এবং পরবর্তী সময়ে আরও বাড়ানোর লক্ষ্য ছিল, তবে নতুন সিদ্ধান্তে সময়সূচিতে পরিবর্তন আসছে।

প্রস্তাবিত বাজেটে খুচরা ব্যবসায়ীদের জন্য এলাকাভেদে একক ভ্যাট হার আরোপের পরিকল্পনা থাকলেও তা এখনই বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে বিষয়টি আইনে অন্তর্ভুক্ত থাকছে এবং ভবিষ্যতে বিধিমালার মাধ্যমে কার্যকর করা হতে পারে।

একই সঙ্গে ভ্যাট ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। প্রতি মাসের পরিবর্তে এখন তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে, যাতে ব্যবসায়ীদের কর পরিপালনের চাপ কমে।

অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সিপিডি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে করমুক্ত আয়সীমা বাড়ানো কম আয়ের মানুষের জন্য স্বস্তিদায়ক হবে। তবে তারা কর কাঠামোর সংস্কারের ওপরও জোর দিয়েছে।

তবে খুচরা ব্যবসায়ীরা একক ভ্যাট হার আরোপের পরিকল্পনার বিরোধিতা করেছেন। তাদের মতে, ক্ষুদ্র ব্যবসার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, বাজেট বাস্তবায়ন ও অর্থবিল পাসের মাধ্যমে এসব পরিবর্তন কার্যকর করা হবে।

 

তাসনিম হোসেন