জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম

অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চার মাস পরপর সংসদে বাজেটের পর্যালোচনা হওয়া উচিত।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। তার মতে, ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলিয়ে অর্থবছর নির্ধারণ করলে আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ হবে।

তিনি আরও বলেন, অর্থবছর শেষ হওয়ার অন্তত তিন মাস আগে সম্পূরক বাজেট আনা উচিত। বর্তমান সময়সীমায় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।

বিরোধীদলীয় নেতা বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সময় স্বল্পতার বিষয়টি উল্লেখ করে বলেন, অর্থমন্ত্রী ও তার টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে বাজেটে কিছু সংশোধনের প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। তার মতে, পাচার করা অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হলে বাজেট ঘাটতি অনেকাংশে কমে আসত।

রাজস্ব আহরণ প্রসঙ্গে তিনি ব্যবসায়ীদের আস্থায় আনার ওপর জোর দেন। তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের পাশে থাকলে তারা দেশের স্বার্থে বেশি কর দিতে আগ্রহী হবেন।

শিক্ষা ও গবেষণা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক না হলে দেশ দীর্ঘদিন আমদানিনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল থাকবে।

এ ছাড়া তিনি সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন এবং বাজেট প্রস্তাবনায় আরও অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের আহ্বান জানান।

 

তাসনিম হোসেন