আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৯ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন।

আইনমন্ত্রী বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনী ও জাতীয় অঙ্গীকার। একই সাথে এটি বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল"। তবে তত্ত্বাবধায়ক সরকারের চূড়ান্ত রূপরেখা বা এটি কোন ফরমেটে গঠিত হবে, সেটি একতরফাভাবে চাপিয়ে না দিয়ে বিভিন্ন অংশীজন (স্টেকহোল্ডার) এবং সাধারণ জনগণের সাথে বিস্তারিত আলোচনার (পাবলিক কনসালটেশন) মাধ্যমে ঠিক করা হবে বলে জানান তিনি।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, "পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের গণতন্ত্রের কবর রচনা করে ফ্যাসিবাদের নীল নকশা তৈরি করা হয়েছিল। আমরা শুরু থেকেই বলেছিলাম এটি সংবিধান পরিপন্থী। হাইকোর্ট বিভাগ এই সংশোধনীর কিছু বিষয় অবৈধ ঘোষণা করেছিলেন এবং বাকি বিষয়গুলো জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিলেন। আজ দেশের সর্বোচ্চ আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রেখেছেন। সুতরাং, হাইকোর্টের রায় এখন চূড়ান্ত এবং সুপ্রতিষ্ঠিত"।

ব্রিফিংয়ে আইনমন্ত্রী আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন যে, পরবর্তী সংসদ অধিবেশনে পঞ্চদশ সংশোধনীর রায়ের আলোকে সংবিধানের সংশোধনী বিল আনা হবে। এই বিল বা সংশোধনী আনার ক্ষেত্রে ‘জুলাই সনদ’ বা ‘জুলাই চার্টার’কে মুখ্য বিবেচনায় রাখা হবে। জুলাই জাতীয় সনদকে সামনে রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধানে যা যা সংশোধন, সংযোজন ও পরিমার্জন প্রয়োজন—তার সবই করা হবে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে, কোনো আইন বা সংবিধান সংশোধন একতরফাভাবে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হবে না। রায়ের আলোকে পাবলিক কনসালটেশন ও রেফারেন্ডামের (গণভোট) প্রক্রিয়াকে সম্মান জানিয়ে দেশের সর্বোচ্চ আইনি সংস্কার সম্পন্ন করা হবে। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত, যার ফলে হাইকোর্টের দেওয়া রায়ই চূড়ান্তভাবে বহাল রইল।

তাসনিম হোসেন