এবার ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিলো মিশর

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ১২:১০ পিএম

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে ম্যাচ শেষে শুধু হার নয়, রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়েও তীব্র আপত্তি জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। এমনকি ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে তারা।

মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো লিখিত অভিযোগে দাবি করেন, রেফারি ও তার সহকারীদের একাধিক সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। বিশেষ করে মিশরের একটি গোল বাতিল এবং সম্ভাব্য একটি পেনাল্টি না দেওয়ার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ম্যাচ শেষে মিশরের মিডফিল্ডার মোস্তফা জিকো, যার করা গোলটি ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়, রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে দলের প্রধান কোচ হোসাম হাসানও ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, ‘রেফারি ম্যাচ কারচুপি করেছেন। ফিফা ব্যবসায়িক স্বার্থে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চায়।’

মিশর ফুটবল ফেডারেশন ফিফার কাছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্ত, ব্যাখ্যা এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ফ্রাঁসোয়া লেটেক্সিয়েকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনার জয়ে রেফারি ও তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এদিকে চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে এটিই প্রথম বিতর্ক নয়। এর আগে বেলজিয়াম ফুটবল ফেডারেশন এবং উয়েফাসহ বিভিন্ন পক্ষও ম্যাচ পরিচালনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফলে বিশ্বকাপের রেফারিংয়ের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 
 

তাসনিম হোসেন