বিশ্বকাপের সেমি থেকে আসছে বিশেষ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ মুহূর্তের উত্তেজনা বাড়াতে নকআউট পর্বের চূড়ান্ত চার ম্যাচের জন্য বিশেষ ফুটবল উন্মোচন করেছে ফিফা ও ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। ২০২২ কাতার বিশ্বকাপের ধারাবাহিকতায় এবারও সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালে ব্যবহার করা হবে বিশেষ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’।

নতুন এই বলটির নকশায় রাখা হয়েছে সোনালি ও কালো রঙের বিশেষ সমন্বয়। কালো রঙের ভিত্তির ওপর সোনালির প্রাধান্য থাকছে, যা বিশ্বকাপ ট্রফির প্রতীকী আবহ তৈরি করবে। এর সঙ্গে রয়েছে লাল ও গোলাপি রঙের সংযোজন।

প্রযুক্তিগত দিক থেকে বলটিতে আগের মতোই থাকছে ‘কানেক্টেড বল প্রযুক্তি’। বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর চিপ ম্যাচ চলাকালে তাৎক্ষণিক তথ্য রেফারি ও ভিডিও সহকারী রেফারি কক্ষে পাঠাবে। এর মাধ্যমে অফসাইড শনাক্তকরণ এবং বলের স্পর্শ নির্ধারণ আরও নির্ভুল হবে।

বিশেষ এই বলের গায়ে বিশ্বকাপের শেষ চার ম্যাচের আয়োজক শহরের নামও থাকবে। শহরগুলো হলো ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউইয়র্ক/নিউ জার্সি। এছাড়া অন্যান্য আয়োজক শহরের নাম বলের ত্রিভুজাকৃতির নকশায় তুলে ধরা হবে।

বিশ্বকাপের শেষ ধাপে আলাদা বল ব্যবহারের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল থেকে নতুন বল চালু করা হয়েছিল। এর আগে ২০১৮ রাশিয়া, ২০১৪ ব্রাজিল, ২০১০ দক্ষিণ আফ্রিকা ও ২০০৬ জার্মানি বিশ্বকাপে শুধু ফাইনালের জন্য আলাদা বল ব্যবহার করা হয়েছিল। ২০০২ সালের আগে বিশ্বকাপের মাঝপথে বল পরিবর্তনের কোনো নজির ছিল না।

 

তাসনিম হোসেন