গাজায় জানাজাতে ইরসরাইলের ড্রোন হামলা, নিহত ১৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:২৮ এএম

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন একটি জানাজার নামাজ ও দাফনের সময় ড্রোন হামলার শিকার হন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় জানাজা শেষে মরদেহ বহনের সময় আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে শোকাহত মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তারা একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তবে বেসামরিক হতাহতের খবর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

একই দিনে উত্তর গাজার বেইত লাহিয়া, আজ-জাওয়ায়দা, নুসেইরাত ও গাজা সিটিতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ইসরায়েলের বিমান হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 
 
 

তাসনিম হোসেন