বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লোভেনিয়ার, যার রেফারিতে কখনো জিতেনি আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

৪৬ বছর বয়সী ভিনচিচকে ফাইনালের প্রধান রেফারি হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। কারণ, আর্জেন্টিনার সঙ্গে তার একটি স্মরণীয় স্মৃতি জড়িয়ে আছে।

২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত হারের ম্যাচটি পরিচালনা করেছিলেন ভিনচিচ। যদিও সেই পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়ে টানা জয় তুলে নিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির দল। ফলে আবারও তার বাঁশিতে আর্জেন্টিনার ম্যাচ হওয়ায় সমর্থকদের আগ্রহ বেড়েছে।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, উয়েফা নেশনস লিগের সেমিফাইনালসহ ইউরোপের বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি বর্তমানে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য রেফারি হিসেবে পরিচিত।

তবে তার ক্যারিয়ারে বিতর্কও ছিল। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচারবিরোধী এক পুলিশি অভিযানে একটি কটেজ থেকে তাকে আটক করা হয়েছিল। পরে তিনি দাবি করেন, কেবল একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। তদন্তেও তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি। স্লোভেনিয়া ফুটবল ফেডারেশন ঘটনাটিকে "ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকা" বলে ব্যাখ্যা করেছিল।

সব বিতর্ক পেছনে ফেলে এবার ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে যাচ্ছেন স্লাভকো ভিনচিচ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে তার প্রতিটি সিদ্ধান্তই থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর নিবিড় নজরে।

এই ম্যাচে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিকআন্দ্রাজ কোভাচিচ। আর চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ

 
 
 

তাসনিম হোসেন