ইরানে টানা অষ্টম রাতের মতো সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস ও কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হামলার প্রকৃতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়দের দাবি, অন্তত তিন থেকে পাঁচটি স্থানে হামলা হয়েছে। পরে সংস্থাটি জানায়, দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হয়েছেন। এছাড়া আহত কয়েকজন সেনার চিকিৎসা শেষে তাদের আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।