কান্নার শব্দে দরজার সামনে পলিথিন খুলতেই মিলল নবজাতক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০১:০৪ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক কন্যাশিশু উদ্ধারের ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার সকালে ভোলা সওদাগর বাড়ির সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১০টার দিকে একটি বাড়ির প্রধান ফটকের সামনে পড়ে থাকা পলিথিনের ব্যাগটি প্রথমে নজরে আসে পরিবারের সদস্যদের। কিছুক্ষণ পর ব্যাগটির ভেতরে নড়াচড়া এবং কান্নার শব্দ শুনে তারা কাছে গিয়ে সেটি খুলে দেখেন। তখন সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শিশুটির নাড়ি তখনো পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি বলে জানা গেছে।

খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ. ফারুক জানান, সকাল ১১টার দিকে শিশুটিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিক চিকিৎসা শুরু করার পর বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবজাতক শিশুটিকে কারা এবং কী কারণে এভাবে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তাসনিম হোসেন