সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত বিএনপি নেতার নাম এমরান হোসেন রুবেল (৪৮)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার সাথে গ্রেপ্তার হওয়া সহযোগী আজিজুল হক (৪৮) ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের বাসিন্দা।
জামালগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাজার ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ওই দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস বিএনপির
উপজেলা কমিটির সদস্য মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, "বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দল এমন আচরণ প্রত্যাশা করে না।" তিনি জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তের পক্ষে দল থেকে কোনো ধরনের সুপারিশ করা হয়নি। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মামলা দায়ের ও কারাগারে প্রেরণ
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।