একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন নাগরিক কেলসি ফেন্ডলার। প্রথম কোনো মার্কিন নারী হিসেবে কোনো ধরনের সহায়তা ছাড়াই এককভাবে তিনি এই দুঃসাহসিক যাত্রা সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মাইলের দীর্ঘ সমুদ্রযাত্রা কেলসি একাই শেষ করেন। গত ২১ মে ক্যালিফোর্নিয়ার মন্টেরি থেকে একটি ২১ ফুট দীর্ঘ নৌকায় যাত্রা শুরু করেছিলেন তিনি। টানা ৪৩ দিন ১৭ ঘণ্টা ৫৫ মিনিট বৈরী সমুদ্রের সঙ্গে লড়াই করে গত ৩ জুলাই রাতে তিনি হাওয়াই উপকূলে পৌঁছান।
এই অনন্য কৃতিত্বের মাধ্যমে তিনি নারীদের আগের ৮৬ দিনের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। একই সঙ্গে এই রুটে পুরুষদের দ্রুততম ৫২ দিনের রেকর্ডও অতিক্রম করে সবচেয়ে কম সময়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার এক নতুন ইতিহাস গড়লেন তিনি।
সর্বকনিষ্ঠ নারী হিসেবে ইতিহাস
সবচেয়ে কম সময়ে পার হওয়ার পাশাপাশি এই নির্দিষ্ট রুটটি এককভাবে সফলভাবে অতিক্রম করা সর্বকনিষ্ঠ নারীও এখন কেলসি ফেন্ডলার। সম্পূর্ণ একা এবং কোনো ধরনের বাহ্যিক সহায়তা ছাড়া তার এই সমুদ্রজয় বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।