হরমুজ প্রণালিতে তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই আজ শনিবার ওমানে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই বৈঠকের আগে তেহরানের কাছে বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধের প্রকাশ্য প্রতিশ্রুতি এবং প্রণালিটি উন্মুক্ত রাখার আনুষ্ঠানিক ঘোষণা দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের ব্যক্তিগতভাবে জানিয়েছে যে, ওমান জলসীমায় বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনাটি ছিল একটি ‘ভুল’। তেহরানের দাবি, আলোচনা ভণ্ডুল করার উদ্দেশ্যে তাদের অভ্যন্তরের নিয়ন্ত্রণের বাইরে থাকা একদল ‘বিচ্যুত’ কট্টরপন্থি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। এই সংঘর্ষের পরও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি
আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে কড়া বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "তারা হয় আমাদের সেই (প্রণালি উন্মুক্ত রাখার) বিবৃতি দেবেন, না হলে তাদের জন্য ফল ভালো হবে না।" ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ইরান আলোচনার অনুরোধ জানালে তারা সম্মত হয়েছেন, তবে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগের যুদ্ধবিরতি এখন শেষ। আজ ওমানে অনুষ্ঠিতব্য এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জ্যারেড কুশনার।
হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা
গত জুনে দুদেশের মধ্যে একটি ১৪ দফার অন্তর্বর্তী চুক্তি হয়েছিল, যার লক্ষ্য ছিল সব ফ্রন্টে সংঘাতের অবসান ঘটানো। সংঘাত চলাকালে ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের একক সার্বভৌমত্ব দাবি করে ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ গঠন ও ফি আদায়ের ঘোষণা দিয়েছিল। তবে ইরানের বার্তা সংস্থা ফার্সের খবর অনুযায়ী, নতুন সমঝোতার আওতায় ভবিষ্যতে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরান ও ওমান যৌথ সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করতে পারে।