সরকারি হাসপাতালের বাথরুমেও সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে এই দৃশ্য দেখে অসন্তোষ জানান তিনি।
শনিবার সকালে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, দেশের সাধারণ ও দরিদ্র মানুষ চিকিৎসাকেন্দ্রে এসে প্রয়োজনীয় ওষুধ পায় না, অথচ এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সবচেয়ে আশাজান্নক ও অগ্রহণযোগ্য বিষয় হলো, হাসপাতালের বাথরুমেও সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে, যা কোনোভাবেই সহ্য করা হবে না।
ঘটনাস্থলেই তিনি সিভিল সার্জন, ডিডিসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন এবং এই গাফিলতি ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পাশের একটি বেসরকারি ক্লিনিকও ঘুরে দেখেন।
উল্লেখ্য, পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।