লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ দাবি করেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস মামুনুল হক একসঙ্গে আন্দোলনে নামলে এক সপ্তাহের মধ্যেই সরকারের পতন ঘটতে পারে।
শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে অলি আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, এই তিন নেতা একজোট হলে যেকোনো সময় ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের বড় সমাবেশ করতে পারবেন। পাশাপাশি টঙ্গী, সায়েদাবাদ ও মিরপুরের মতো গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার সক্ষমতাও তাদের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অলি আহমদ বলেন, দেশের পরিস্থিতি বিবেচনা করে সরকারকে জনগণের প্রত্যাশার দিকে নজর দিতে হবে। অন্য কারও প্রভাবের পরিবর্তে দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে এলডিপি সভাপতি বলেন, একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন না—এমন প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। তিনি বলেন, বিএনপির প্রধানমন্ত্রী না হয়ে দেশের মানুষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা উচিত।
অলি আহমদ আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে ‘এক দফা, এক দাবি—এই সরকার কবে যাবে’ এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।