চব্বিশের জুলাই ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রিয়াজকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সাভার পৌরসভার মজিদপুর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় রিয়াজ এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার এলাকায় ফেরার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার রিয়াজের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।