ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরির জন্য নদী-জলাধারের স্বাভাবিক প্রবাহ বন্ধ, বন্যাপ্রবণ এলাকা ভরাট এবং দুর্বল আইন প্রয়োগকে দায়ী করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, বৃষ্টির পানি নদীতে যাওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা এখন মানবসৃষ্ট প্লাবনের শিকার। তার ভাষায়, বৃষ্টি কোনো অভিশাপ নয়; বরং প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও সভ্যতা টিকিয়ে রাখতে বৃষ্টিপাত এবং নদী-জলাধার অপরিহার্য।

তিনি অভিযোগ করেন, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের বেআইনি ছাড়পত্রের মাধ্যমে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় জলাধার ও বন্যাপ্রবাহ অঞ্চল ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। ড্যাপে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত কেরানীগঞ্জের ঝিলমিল, রূপগঞ্জের পূর্বাচল এবং উত্তরার কিছু অংশও এর আওতায় রয়েছে বলে দাবি করেন তিনি।

মুনীর চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম নদী ও জলাশয় দখলকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান, জরিমানা এবং আইনি ব্যবস্থা নিয়েছিল। তবে বর্তমানে আইন প্রয়োগে অবহেলার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।

তিনি সরকারের প্রতি নদী ও জলাধার রক্ষায় নজরদারি এবং আইন প্রয়োগ আরও কঠোর করার আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, জরিমানা এবং প্রয়োজনে বেতন কর্তনের মতো শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।

তাসনিম হোসেন