মাদারীপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাড়ির সামনে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত হানার ঘটনা ঘটেছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সড়কের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর বহরকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছিলেন। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এর মধ্যেই বহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত হানে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়েছে। সেটি কোনো গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে—বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তাসনিম হোসেন