ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার ২৭৮

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে। সোমবার প্রকাশিত হালনাগাদ সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ জুন দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের কাছাকাছি উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

সরকারি তথ্য অনুযায়ী, দুর্যোগে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। তবে এখনো নিখোঁজের সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সরকার জানিয়েছে, ভূমিকম্পে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বর্তমানে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। স্টেডিয়াম ও খোলা জায়গায় গড়ে তোলা এসব আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা চিকিৎসাসেবা ও ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

 
 
 

তাসনিম হোসেন