পদযাত্রার দিনেই সকালে নাহিদ-হাসনাতদের ছবিসংবলিত কুশপুতুল ঝুলল সড়কে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন শীর্ষ নেতার ছবি সংবলিত কুশপুতুল বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবনসংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বৈদ্যুতিক তারে কয়েকটি কুশপুতুল ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুশপুতুলগুলো উদ্ধার করেন।

কুশপুতুলে এনসিপির কয়েকজন শীর্ষ নেতার ছবি সংযুক্ত ছিল। এর মধ্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ছবিও ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন দলটির স্থানীয় নেতারা।

উদ্ধার হওয়া কুশপুতুলগুলোর গায়ে একটি বার্তা লেখা ছিল, যেখানে সংশ্লিষ্ট নেতাদের সমালোচনা করে তাদের প্রতিহত ও বর্জনের আহ্বান জানানো হয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ দাবি করেন, পদযাত্রাকে কেন্দ্র করে জনসমর্থন সৃষ্টি হওয়ায় আতঙ্ক ছড়াতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি বা উসকানি দেওয়ার উদ্দেশ্যে এমন কাজ করে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

তাসনিম হোসেন