মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং কাগজপত্রবিহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশের আর্থসামাজিক অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার সমাধান এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ বৃদ্ধি করা হলে উভয় দেশই লাভবান হবে। একই সঙ্গে যেসব বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সেখানে অবস্থান করছেন, তাদের বৈধতার আওতায় আনার বিষয়টি মানবিকভাবে বিবেচনার অনুরোধ জানান তিনি।
যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের কথাও তুলে ধরেন। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মালয়েশিয়ার আরও কার্যকর ভূমিকা কামনা করেন।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর এবং দুটি নথি বিনিময় করা হয়। সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ কার্যালয়ে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানান।
এ সময় তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি রাষ্ট্রীয় সম্মানসূচক কুচকাওয়াজ পরিদর্শন করেন।