পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতরে আগামী নির্বাচনে নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

সোমবার তিনি জানান, দলের অভ্যন্তরে তার নেতৃত্বের যোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার প্রেক্ষিতে তিনি বিষয়টি গ্রহণ করেছেন এবং দলীয় প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্টারমার বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার সব সিদ্ধান্তই দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সহকর্মীদের অভ্যন্তরীণ মতামতের ভিত্তিতে তিনি পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছেছেন।

তিনি ইতোমধ্যে যুক্তরাজ্যের রাজা চার্লসের সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে স্টারমার লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির কাছে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সময়সূচি নির্ধারণের অনুরোধ জানান। পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে নতুন দলীয় প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং গ্রীষ্মকালীন সংসদীয় ছুটির আগেই তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান কিয়ার স্টারমার।

তাসনিম হোসেন