যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফা দ্বিপক্ষীয় আলোচনা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রথম দফা দ্বিপক্ষীয় আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলোর মতে, এই সংলাপে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে এবং আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতার রূপরেখা তৈরির বিষয়ে ঐকমত্য হয়েছে।

সোমবার সুইজারল্যান্ডে শেষ হওয়া এই উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে শুরুতে চরম উত্তেজনা তৈরি হয়। আলোচনার শুরুতেই ইরান হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দেয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের উদ্বেগ তৈরি করে। এর জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়, ফলে পরিস্থিতি যুদ্ধের শঙ্কায় পৌঁছে যায়।

পরবর্তীতে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের উদ্যোগে উত্তেজনা প্রশমিত হয় এবং একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, দুই দেশ আগামী ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির রূপরেখা তৈরিতে কাজ করবে।

বিবৃতিতে আরও জানানো হয়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক এলাকায় চলতি সপ্তাহজুড়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। আলোচনায় উভয় পক্ষের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, লেবানন সীমান্তে চলমান সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। এ লক্ষ্যে সামরিক পর্যায়ে একটি হটলাইন স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এর আগে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় উচ্চপর্যায়ের এই সংলাপ অনুষ্ঠিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আলোচনার মাধ্যমে তেল ও পেট্রোকেমিক্যাল খাতে নিষেধাজ্ঞা শিথিল, জব্দ অর্থ ছাড় এবং অর্থনৈতিক পুনর্গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে।

তবে আলোচনার পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

তাসনিম হোসেন