মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতি, বিনিয়োগ ও সন্ত্রাসবাদ দমন বিষয়ে সমঝোতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত দুটি দ্বিপাক্ষিক দলিলও বিনিময় করেছে দুই দেশ।

সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এসব সমঝোতা ও দলিল বিনিময়ের কার্যক্রম সম্পন্ন হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। এর মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া সন্ত্রাসবাদ দমন, গবেষণা কার্যক্রম এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল বিনিময় করা হয়। একই সঙ্গে বিনিয়োগ সহযোগিতা বাড়াতে আরেকটি দ্বিপাক্ষিক দলিলও বিনিময় করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া।

দুই দেশের পক্ষে দলিলগুলো বিনিময় করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সমঝোতা ও সহযোগিতা চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে এবং বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

তাসনিম হোসেন