কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক, নিখোঁজ ১৮

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০২:০৮ পিএম

কাতারের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্রে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার রাতে কাতারের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোর একটি রাসলাফফান এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হওয়া বিস্ফোরণের শব্দ ও কম্পন রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্যাসক্ষেত্রের অভ্যন্তরে কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

বিস্ফোরণের পরপরই পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ১৮ জনকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা প্রথমে এটিকে ভূমিকম্প বা অন্য কোনো বড় ধরনের হামলা বলে মনে করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণের শব্দ ও কম্পন নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ। তাদের দাবি, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ক্ষতিকর গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। ফলে জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হবে এবং তদন্তের অগ্রগতির বিষয়ে পর্যায়ক্রমে তথ্য জানানো হবে।

তাসনিম হোসেন