চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৬:১১ পিএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ও চীনে নিজের প্রথম বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেই বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যান মাজার কমপ্লেক্সে গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন।

সফল দ্বিপাক্ষিক সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে প্রথমেই ছুটে যান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে। সেখানে তিনি তাঁর পিতা, স্বাধীন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান এবং তাঁর মাতা, দেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। মাজার প্রাঙ্গণে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী পরম শ্রদ্ধায় তাঁর প্রয়াত বাবা ও মায়ের কবরের সামনে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি পবিত্র সূরা ফাতিহা পাঠ করেন এবং পিতা-মাতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর এই সফর-পরবর্তী মাজার জিয়ারতের সময় তাঁর সঙ্গে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোনাজাতে অন্যান্যের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ও চীনে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সফর সফলভাবে শেষ করে দেশে ফেরার পর এবং জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি পিতা-মাতার মাজার জিয়ারতের এই সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান মাজার কমপ্লেক্স এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

তাসনিম হোসেন