২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পের ঘোষণা: ‘নতুন স্বর্ণযুগে প্রবেশ করেছে আমেরিকা’

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে দেওয়া ওই ভাষণে তিনি তাঁর শাসনামলের বিভিন্ন যুগান্তকারী অর্জন তুলে ধরে দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক নতুন স্বর্ণযুগে প্রবেশ করেছে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ন্যাশনাল মলে জড়ো হওয়া হাজার হাজার মানুষের সামনে প্রায় ৪০ মিনিট ভাষণ দেন ট্রাম্প। ভাষণে তিনি তাঁর বহুল আলোচিত ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যার মাধ্যমে ভোট দেওয়ার জন্য নাগরিকত্ব ও পরিচয়পত্রের প্রমাণ বাধ্যতামূলক করা হবে এবং বিশেষ পরিস্থিতি ছাড়া ডাকযোগে ব্যালট পাঠানো নিষিদ্ধ করা হবে।

একই সাথে ট্রাম্প সমাজতন্ত্র ও সাম্যবাদের তীব্র সমালোচনা করে একে ‘ক্যান্সার’ হিসেবে অভিহিত করেন এবং তা উপড়ে ফেলার প্রত্যয় ব্যক্ত করেন। ভাষণের একপর্যায়ে তিনি মহাকাশ মিশন ‘আর্টেমিস ২’-এর ক্রুদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে তাঁদের হাতে বিশেষ পতাকা তুলে দেন। বর্ণিল এই অনুষ্ঠানে আতশবাজি ফুটানোর পাশাপাশি আকাশে মার্কিন যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও প্রদর্শিত হয়।

তাসনিম হোসেন