মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট পাঠাল চীন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে একগুচ্ছ নতুন কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে চীন। রোববার (৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, একটি পরিবর্তিত (মডিফায়েড) ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো সফলভাবে তাদের নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, নতুন উৎক্ষেপণ করা এই স্যাটেলাইটগুলো চীনের বৃহৎ বাণিজ্যিক লো-অরবিট (নিম্ন-কক্ষপথ) স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্পেসসেইল কনস্টেলেশন’–এর অংশ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশটির বাণিজ্যিক যোগাযোগ ও মহাকাশভিত্তিক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে।

চীনের মহাকাশ গবেষণার দীর্ঘ ইতিহাসে এই সফল উৎক্ষেপণটি ছিল বিখ্যাত ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৫৫তম মিশন। বিশ্বজুড়ে মহাকাশ প্রযুক্তির প্রতিযোগিতায় চীনের এই ধারাবাহিক অগ্রগতিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তাসনিম হোসেন