মৃত সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চমেক হাসপাতালে মারা যাওয়া এক নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে তার পরিবার। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় বৃষ্টিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ফেনীর সোনাগাজীতে জন্ম নেওয়া এক অসুস্থ নবজাতককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেলে তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ফেনীর সোনাগাজীর উদ্দেশ্যে রওনা হন স্বজনরা।

সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকার ইউটার্নে পৌঁছালে সকালের বৃষ্টির কারণে পিচ্ছিল থাকা সড়কে দ্রুতগতির অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা একটি মাছবোঝাই পিকআপ ভ্যানকে তীব্র গতিতে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় চালকের পাশে থাকা নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম গুরুতর আহত হন। তবে অ্যাম্বুলেন্সে থাকা মৃত নবজাতকের মা মনোয়ারা বেগম অলৌকিকভাবে সুস্থ ও অক্ষত রয়েছেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যান দুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তাসনিম হোসেন