ইরানের মূল ভূখণ্ড ও উপকূলীয় অঞ্চলে টানা সাত ঘণ্টাব্যাপী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ইরানের উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে কয়েক ডজন সামরিক স্থাপনায় ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাত ঘণ্টাব্যাপী এই অভিযানে হরমুজ প্রণালীর আশপাশে অবস্থিত কৌশলগত ও প্রতিরক্ষামূলক সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব স্থাপনা আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছিল।
সেন্টকম আরও জানায়, অভিযানের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতির শেষাংশে মার্কিন বাহিনী জানায়, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রেসিডেন্টের যেকোনো সামরিক নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত।
এদিকে বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের এই সামরিক পদক্ষেপ পারস্য উপসাগর অঞ্চলে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই