মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এ বিষয়ে সরকারের অবস্থান অনড়।
মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলি জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘যদি আমরা কোনো ইসরায়েলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দেব। কারণ আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।’
মালয়েশিয়ার সংবাদমাধ্যম এনিউজ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ইসরায়েলের পাসপোর্টধারীদের জন্য বিশেষ সরকারি অনুমোদন ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ। কারণ দেশটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।
এদিকে, জোহরভিত্তিক স্টার্টআপ কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’-কে ঘিরে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে পরিদর্শন চালিয়ে ২৬৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। তাদের সবার কাছেই বৈধ অভিবাসন নথি পাওয়া গেছে।
উল্লেখ্য, ফরেস্ট সিটি সিঙ্গাপুর সীমান্তসংলগ্ন জোহর রাজ্যে কৃত্রিম দ্বীপের ওপর নির্মিত একটি বৃহৎ মিশ্র-ব্যবহারের উন্নয়ন প্রকল্প।