ইরানের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে বুশেহর প্রদেশে নতুন করে হামলার অভিযোগও তুলেছে দেশটি।
ইরানের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। বুধবার (১৫ জুলাই) দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে পরিচালিত সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে হামলার নির্দিষ্ট স্থান, নিহতদের পরিচয় কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।
এদিকে দেশটির ফার্স সংবাদ সংস্থার বরাতে বুশেহর প্রদেশের গভর্নর জানিয়েছেন, বুধবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্দরনগরী বুশেহরের তিনটি স্থানে নতুন করে হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। তিনি সতর্ক করে বলেন, তেহরান দ্রুত আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, এরপরও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
এদিকে, ওই সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে ইরান। দেশটির দাবি, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের পরও ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।