ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় প্রায় তিন সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে। মঙ্গলবার প্রকাশিত সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ টেলিগ্রামে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানান, দুর্যোগে এখন পর্যন্ত ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। আহতদের অধিকাংশই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে জাতিসংঘের ধারণা অনুযায়ী, ভূমিকম্পের পর এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। শক্তিশালী কম্পনে শত শত ভবন ধসে পড়ায় বিপুলসংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান অব্যাহত থাকায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

তাসনিম হোসেন