সমঝোতা লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগপত্র

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

চলমান আঞ্চলিক সংঘাত অবসানে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

বুধবার (১৫ জুলাই) জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে এ অভিযোগপত্র পাঠিয়েছেন।

চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পাশাপাশি ধারাবাহিকভাবে এর মৌলিক শর্তগুলোও লঙ্ঘন করছে। এতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ও ধারাবাহিক কর্মকাণ্ড শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গীকারের প্রতি যুক্তরাষ্ট্রের অবহেলারই প্রতিফলন।

ইরান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

তাসনিম হোসেন