মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানির মামলায় আদালতের রায়ে লেখিকা ই জিন ক্যারল ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছেন। সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর আদালতের নির্দেশে তার কাছে অর্থ হস্তান্তর করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানির মামলায় লেখিকা ই জিন ক্যারল আদালতের নির্ধারিত ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছেন।
সোমবার (১৩ জুলাই) আদালতের রায়ে নির্ধারিত ৫০ লাখ ডলারের মূল ক্ষতিপূরণের সঙ্গে জমা হওয়া সুদসহ অর্থ একটি বিশেষ সংরক্ষিত হিসাব থেকে ক্যারলের কাছে হস্তান্তর করা হয়।
ক্যারলের প্রধান আইনজীবী রবার্টা কাপলান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তার মক্কেল সম্পূর্ণ ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়েছেন। অর্থ পাওয়ার পর ৮২ বছর বয়সী ক্যারল নিজের প্রতিক্রিয়ায় রসিকতার ছলে লেখেন, ‘দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড’, অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর লক্ষ্য অর্জিত হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের রায়ের পর থেকেই ক্ষতিপূরণের অর্থ একটি বিশেষ সংরক্ষিত হিসাবে রাখা ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত দেওয়ানি মামলার ওই রায় বহাল রাখলে ফেডারেল বিচারক লুইস এ. কাপলান অর্থ অবমুক্ত করার নির্দেশ দেন। শেষ মুহূর্তে অর্থ প্রদান স্থগিতের আবেদন করলেও ট্রাম্পের আইনজীবীদের সেই আবেদন আদালত খারিজ করে দেয়।
তবে ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন এবং উচ্চ আদালতে আপিল অব্যাহত রাখবেন। অন্যদিকে ক্যারলের আইনজীবীরা জানিয়েছেন, প্রাপ্ত অর্থ তিনি নিজের অবসরকালীন তহবিলে জমা রাখার পরিকল্পনা করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি বিপণিবিতানের পোশাক পরিবর্তন কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করেন ই জিন ক্যারল। পরে ২০১৯ সালে প্রকাশিত নিজের স্মৃতিকথায় তিনি বিষয়টি প্রকাশ করলে ট্রাম্প অভিযোগ অস্বীকার করেন এবং তাকে মিথ্যাবাদী বলে মন্তব্য করেন। এর পরই ক্যারল মানহানির মামলা দায়ের করেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের পরিবর্তিত আইনের আওতায় পুরোনো অভিযোগের বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হন ক্যারল। এদিকে ২০২৪ সালে পৃথক আরেকটি মানহানি মামলায় ক্যারলের পক্ষে দেওয়া আরও ৮ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধেও ট্রাম্পের আপিল প্রক্রিয়া এখনো চলমান।
সূত্র: এপি