রাস্তা কাটা ও বিষ প্রয়োগ ‘অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড’: এসপি মাসুদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম

রাস্তা কেটে দেওয়া, ক্যাম্প ভাঙচুর এবং যৌথ বাহিনীর ক্যাম্পের পানির উৎসে বিষ মেশানোর চেষ্টার মতো ঘটনাগুলোকে ‘অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম এসব কথা বলেন।

তিনি জানান, আলীনগরে যৌথ বাহিনীর ক্যাম্পে র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের প্রায় ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের ব্যবহারের জন্য থাকা পাশের গভীর নলকূপের সংযোগস্থলে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় কোনো পদার্থ প্রবেশ করানোর চেষ্টা করে।

পুলিশ সুপারের ভাষ্য, সকালে নলকূপের পরিচালনাকারী পানি ও সংরক্ষণ ট্যাংক পরীক্ষা করতে গিয়ে দুর্গন্ধ টের পান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্টদের জানালে সবাইকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

মাসুদ আলম বলেন, রাস্তা কেটে দেওয়া কিংবা যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর ঘটনাগুলো পরিকল্পিত অন্তর্ঘাতমূলক তৎপরতার অংশ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে যৌথ অভিযান চলছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ প্রচলিত আইনে মামলা করে আইনের আওতায় আনা হচ্ছে।

তাসনিম হোসেন