তিন বাহিনী প্রধানের পাশে থাকা নিয়ে সমালোচনার জবাব দিলেন ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি স্যালুট জানানোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো তাঁর ব্যক্তিগত ও নৈতিক দায়িত্ব।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও বীর শহীদদের প্রতি স্যালুট জানান। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা দেয়।

এর পর শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। তিনি লেখেন, বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলেই শ্রদ্ধাবোধ থেকে তাঁর হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। তিনি বলেন, নিজের ইচ্ছাতেই বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছেন এবং ভবিষ্যতেও সুযোগ পেলেই একইভাবে শ্রদ্ধা জানাবেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, তাঁর বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন এবং বিষয়টি নিয়ে বিদ্রূপ বা তামাশা করাকে অস্বাভাবিক মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে ইশরাক হোসেন লেখেন, দেশে এমন একটি প্রবণতা তৈরি হয়েছে যেখানে অসম্মান করলে প্রশংসা পাওয়া যায়, কিন্তু সম্মান জানালে তা নিয়ে সমালোচনা করা হয়। তিনি সবার জন্য হেদায়েত কামনা করেন।

তাসনিম হোসেন