বিশুদ্ধ গণিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের ফিল্ডস পদক পেয়েছেন চার তরুণ গণিতবিদ। সম্মাননাপ্রাপ্তরা হলেন হংক ওয়াং, ইউ ডেং, জন পার্ডন এবং জ্যাকব জিমারম্যান। গণিতের অন্যতম সর্বোচ্চ এই আন্তর্জাতিক স্বীকৃতি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
এবারের ফিল্ডস পদকপ্রাপ্তদের মধ্যে হংক ওয়াং বিশেষভাবে আলোচনায় এসেছেন। ৯০ বছরের ইতিহাসে তিনি তৃতীয় নারী হিসেবে এই সম্মান অর্জন করেছেন। এর আগে ২০১৪ সালে মরিয়াম মির্জাখানি এবং ২০২২ সালে মেরিনা ভিয়াজোভস্কা এ স্বীকৃতি পেয়েছিলেন।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ফ্রান্সের উচ্চতর বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের গবেষক হংক ওয়াং গণিতের দুটি ভিন্ন শাখার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছেন। ২০২৫ সালে গণিতবিদ জোশুয়া জাহলের সঙ্গে যৌথভাবে তিনি তিন মাত্রিক কাকেয়া অনুমান প্রমাণ করে প্রায় পাঁচ দশক ধরে অমীমাংসিত একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করেন।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউ ডেং প্রবাহী পদার্থের গতি নিয়ে মৌলিক গবেষণার জন্য স্বীকৃতি পেয়েছেন। তাঁর গবেষণায় দেখানো হয়েছে, অণুস্তর এবং বৃহৎ পরিসরে তরলের আচরণ ব্যাখ্যার জন্য ব্যবহৃত সমীকরণগুলোর ভিত্তি একই। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি জটিল গাণিতিক সমস্যার সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জন পার্ডন মাত্র ২১ বছর বয়সে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে নট তত্ত্বের একটি জটিল সমস্যার সমাধান করেন। তাঁর গবেষণা প্রায় ২৫ বছর ধরে অমীমাংসিত একটি ধারণার সহজ প্রমাণ উপস্থাপনের পথ তৈরি করে।
অন্যদিকে টরন্টো বিশ্ববিদ্যালয়ের জ্যাকব জিমারম্যান ও তাঁর গবেষক দল ২০২১ সালে বহুল আলোচিত আন্ড্রে-ওর্ট অনুমান প্রমাণ করেন। সংখ্যা তত্ত্বের জটিল কাঠামো ও বিশেষ গাণিতিক বিন্দুর সম্পর্ক ব্যাখ্যায় এ গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জিমারম্যানের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার অভ্যন্তরীণ কার্যপ্রণালি বোঝার ক্ষেত্রেও বিশুদ্ধ গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কানাডীয় গণিতবিদ জন চার্লস ফিল্ডসের নামে নামকরণ করা ফিল্ডস পদক প্রতি চার বছর পর প্রদান করা হয়। এ সম্মানের জন্য নির্বাচিত গবেষকের বয়স ৪০ বছরের কম হতে হয়। মর্যাদা ও গুরুত্বের কারণে এই পদককে গণিতের ‘নোবেল পুরস্কার’ হিসেবেও বিবেচনা করা হয়।