ভারতে চিকিৎসা সংক্রান্ত ভর্তি পরীক্ষা (NEET)-র প্রশ্ন ফাঁস ও দুর্নীতিকে কেন্দ্র করে চলমান আন্দোলন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। তবে অতীতেও এই ধরণের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং এবারও সফল হবে না বলে সতর্ক করেন তিনি।
বৃহস্পতিবার কলকাতার রাজারহাট-নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, দিল্লির যন্তর মন্তরে ‘কাকরোচ জনতা পার্টি’র ব্যানারে যারা বিক্ষোভ করছে, তারা মূলত 'বিদেশি শক্তির পেশাদার পুতুল'। একই গোষ্ঠী কখনো কৃষক, কখনো নারী আর এখন শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি বুঝে ফেলায় আন্দোলনের তেজ কমে আসছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার পরিচালনায় নরেন্দ্র মোদী ও অমিত শাহ রয়েছেন, যারা যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে জানেন। বিরোধী নেতা রাহুল গান্ধীসহ একাধিক রাজনীতিককে কঠোর সমালোচনা করে তিনি বলেন, ভারতের অগ্রগতি থামিয়ে দিতে বিদেশি চক্র এদের দাবার ঘুটি হিসেবে ব্যবহার করছে। শেষ পর্যন্ত দেশের জনগণ এ ধরনের অপশক্তিকে প্রত্যাখ্যান করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।