ভারতে শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে তিনি নিজেই নিজের শারীরিক অসুস্থতার কথা ভক্ত ও সমর্থকদের জানিয়েছেন।
এক্স বার্তায় অভিজিৎ দীপকে জানান, গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড জ্বর ও শারীরিক ব্যথায় ভুগছেন এবং আপাতত ব্যথানাশক ওষুধ খেয়ে চলছেন। শারীরিক অবস্থার কারণে সাময়িকভাবে বিশ্রাম নিলেও দ্রুত সুস্থ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই দিল্লি যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আন্দোলনস্থলে সরাসরি না পৌঁছাতে পারায় সহযোদ্ধা ও সমর্থকদের কাছে তিনি দুঃখ প্রকাশও করেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদফা দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীপকে ও তাঁর সংগঠন সিজেপি। আন্দোলন দমনে বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনা ঘটে। পুলিশের এই ভূমিকাকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দীপকে। পুলিশ হামলা ও পাথর ছোড়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়ার কথা বললেও, আন্দোলন দিন দিন সারাদেশে ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে।