সরকারের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে ককরোচ জনতা পার্টি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে দলটি।

সিজেপির প্রতিনিধি সৌরভ দাস জানিয়েছেন, তাদের প্রস্তাব অনুযায়ী আলোচনার স্থান হিসেবে কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া নির্ধারণ করায় তারা সন্তুষ্ট। শুক্রবার সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরকারি চাকরির নিয়োগ ও চিকিৎসাশিক্ষার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপি দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁস রোধে সংসদে কঠোর আইন আনার ঘোষণা দিলেও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করাই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত।

বিরোধী নেতা সোনিয়া গান্ধীও এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি মোদি সরকারের নীতিরই পরিণতি।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং গুরুগ্রামের একটি হাসপাতালে গিয়ে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার পর সমাজকর্মী সোনাম ওয়াংচুক তাঁর অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন।

 
 
 

তাসনিম হোসেন