লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার দুই মেয়ে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের গাঙপাড় এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন- শাহিনুর বেগম (৪৫), তার মেয়ে সায়মা বেগম (২১) ও ইকরা বেগম (১৭)। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। তারা রায়পুরে ভাড়া বাসায় বসবাস করে ভ্রাম্যমাণভাবে ফল বিক্রি করতেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে এবং ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তাসনিম হোসেন